বগুড়ার এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে অপহরণের পর মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া এবং বিকাশে আরো টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম (৩০)। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত।
শনিবার (১ আগস্ট) বেলা আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনমাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছালে অভিযুক্ত শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয় আরো চারজন দুটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশার গতিরোধ করে। এরপর তাকে মোটরসাইকেলে তুলে মহানগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।
আরও পড়ুনতিনি দাবি করেন, সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন করা হয়। চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮২ হাজার টাকা, একটি রিয়েলমি ১৫টি মডেলের মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সাক্ষী হিসেবে দুজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরো বলা হয়, নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি জবানবন্দি ভিডিও রেকর্ড করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে আরো ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আশরাফুল ইসলাম।
এনসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, শওকত ইমরানের বিরুদ্ধে একটি অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন








