নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি দিলে বিএনপি সহযোগিতা করবে: রাশেদ খাঁন
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হলে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শুধু নিজের নির্বাচনি এলাকার উন্নয়নেই নয়, জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।
এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহের মানুষ মেনে নেবে না।
আরও পড়ুনতিনি বলেন, ‘আপনারা বিরোধী দলের রাজনীতি করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হবেন, সেটাই স্বাভাবিক।’
এনসিপির প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আপনারা দেশের যেখানেই যান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।
এদিকে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








