বগুড়ায় এনসিপি নেতা তানভীরের ব্যানারে আগুন, জুতাপেটা
মফস্বল ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগ তুলে বগুড়ায় তার ছবি সম্বলিত একটি ব্যানার অপসারণ করে জুতাপেটা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েক জন।
কর্মসূচিতে উপস্থিত শাহ সুলতান কলেজের সাবেক ছাত্রনেতা আল মামুন সাংবাদিকদের বলেন, গাজী সালাউদ্দিন তানভীর ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরিয়ে আলোচনায় আসতেই এ ধরনের মন্তব্য করা হয়েছে।
আল মামুন বলেন, “গাজী সালাউদ্দিন তানভীর জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ আমরা তাঁর ব্যানারে আগুন দিয়েছি ও জুতাপেটা করেছি। ভবিষ্যতে তাঁকে বগুড়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি এনসিপির আরেক নেতা নাসীরুদ্দিন পাটয়ারীকেও বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
আরও পড়ুনউল্লেখ্য, সম্প্রতি গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরই প্রতিবাদে বগুড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
তবে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য করুন









