নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে জেলা পুলিশ লাইনসে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু হানিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে চায় না পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন মন্দির এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সশস্ত্র এএসআই হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ জুলাই থেকে তিনি পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে পারিবারিক বিরোধের পর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর তিনি বাসায় একাই ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
আরও পড়ুনফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও ঘটনাস্থলে বাসার দরজা খোলা পাওয়া গেছে। বিষয়টিসহ ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির বিষয়টি সামনে এসেছে। তবে এর সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং নিহতের মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








