ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী ও রুহিয়া থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে এই দু’টি ঘটনা ঘটে। খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের পশ্চিম বগুলাডাঙ্গী গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস(৭৬) স্ট্রোক করে দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে তিনি লাঠিতে ভর দিয়ে বাড়ির পাশে হাঁটতে বের হন। দীর্ঘসময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সকাল ৮টার দিকে বাড়ির পশ্চিমে নিজ পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন স্বজনরা। তাদের ধারণা, হাঁটার সময় শারীরিক অসুস্থতার কারণে পা পিছলে তিনি পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সাজেদুর রহমান বাদি হয়ে ভূল্লী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
আরও পড়ুনঅপরদিকে, রুহিয়া থানার সেনুয়া ইউনিয়নের মোলানখুড়ি গ্রামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তাজুল হক(৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পর অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এসময় বিদ্যুতের লাইন বন্ধ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, উভয় ঘটনায় নিজ নিজ থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








