বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত, ৮ রুশ নাগরিকসহ আহত ১২
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রুশ নারী রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার আফরোজ নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোরের হযরতপুর থেকে পেঁয়াজ-রসুন বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আফরোজ মারা যান। দুর্ঘটনায় উভয় গাড়ির চালক এবং বাসের আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হন।
খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুনদুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করা হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এ সময় তারা প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








