ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৮:৪৪ পিএম

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা

চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান ডিডিএন (ডিজিটাল ডট নেট) এর কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা এ হামলা চালায়। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেছেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে এটি একটি সাজানো ঘটনা।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে এই হামলা হয়।

ভুক্তভোগী সূত্র জানায়, ১৫-২০ জনের একটি সশস্ত্র দল সোমবার দুপুরে হঠাৎ অফিসে ঢুকে কম্পিউটার, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যায়।

ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, দুই দিন আগে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন নামে একজন ফোন করে আমাদের কাছে দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দাবি প্রত্যাখ্যান করার পর সোমবার দুপুরে ১৫-২০ জন অস্ত্রধারী অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।  

প্রতিষ্ঠানের হেড অব সেলস মো. রবিউল হোসাইন রাকিব জানান, হামলার সময় অস্ত্রধারীরা কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে গেলেও আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর ওপর শারীরিক হামলা চালায়নি। সব মিলিয়ে আমাদের প্রায় ৮০-৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে অভিযুক্ত ডেভিড ইমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এক্সাবাইট ও ডিডিএনের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রাপ্য অর্থ ফেরত চাইতেই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি বা আমার কোনো লোকজন ওই হামলা, ভাঙচুর কিংবা লুটপাটের সঙ্গে জড়িত নই। আমার ন্যায্য পাওনা পরিশোধ না করতেই পরিকল্পিতভাবে এই ঘটনার দায় আমার ওপর চাপানো হচ্ছে।

আরও পড়ুন

এদিকে মুঠোফোনে চাঁদা দাবির কথোপকথনের বিষয়ে জানতে চাইলে ডেভিড ইমন বলেন, আমার সঙ্গে হওয়া কথোপকথনের কল রেকর্ডটি কেটে-ছেঁটে প্রকাশ করা হয়েছে। ব্যবসায়িক আলোচনার অংশ বাদ দিয়ে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

এদিকে খবর পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি নুর হোসেন মামুন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এর আগে গত ৯ মে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে বিপ্লব দে পার্থ নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে।

এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি এবং ২ জানুয়ারি ডিডিএন কার্যালয়ের পাশেই স্মার্ট গ্রুপের পরিচালক মজিবুর রহমানের বাসায় চাঁদার দাবিতে গুলি চালানোর ঘটনা ঘটে। মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে।

এ ছাড়া ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় জোড়া খুন এবং ২৩ মে পতেঙ্গায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাসহ মোট সাতটি মামলার আসামি ইমন। বড় সাজ্জাদের দলের নেতৃত্ব দেওয়া সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে থাকায় মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান এখন চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন। মোহাম্মদ রায়হানের বিরুদ্ধেও অন্তত আটটি মামলা রয়েছে এবং এই বাহিনীতে অন্তত ৫০ জন শ্যুটার সক্রিয় রয়েছে বলে পুলিশের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

বন্যায় সারাদেশে নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

বর্তমান আর্থিক খাতের সংস্কার নিয়ে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

পাচারের আগেই বান্দরবানে ৭৭৯ টুকরা কাঠ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন