ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গ্লাইড বোমা ও ড্রোন দিয়ে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের প্রতিরক্ষা শক্তিশালী করতে মিত্র দেশগুলোর কাছ থেকে আরো দ্রুত অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে হবে। এজন্য কূটনৈতিক তৎপরতাও বাড়ানোর ওপর জোর দেন তিনি। বর্তমানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত গোলাবারুদের ঘাটতি রয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত শেষ হয়ে আসছে। নতুন সরবরাহের অপেক্ষায় রয়েছে কিয়েভ।
ইউক্রেনের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের একটি ব্যস্ত এলাকায় দুটি গ্লাইড বোমা নিক্ষেপ করে রাশিয়া। এতে পাঁচজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বোমা একটি বাসস্টপে আঘাত হানে। প্রকাশিত ছবিতে একটি হলুদ বাসের এক পাশ সম্পূর্ণ ছিঁড়ে যেতে দেখা গেছে। অন্য ছবিতে কাছের একটি আবাসিক ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত দেখা যায়। সুমি অঞ্চলের একটি সীমান্তবর্তী জেলায় বিস্ফোরক যন্ত্রে পা পড়ে আরো একজন পুরুষ নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণ—পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া শহরে রুশ গ্লাইড বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। অন্যদিকে, দক্ষিণের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং একজন আহত হন। পূর্বাঞ্চলের খারকিভ শহরের একটি বেসামরিক প্রতিষ্ঠানে ড্রোন হামলায় আরো সাতজন আহত হন।
আরও পড়ুনরাতের ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের মিত্রদের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে হবে, যাতে অস্ত্র সরবরাহের চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন হয়। তিনি বলেন, ইউক্রেনের কূটনৈতিক উদ্যোগে পরিবর্তন আনা হবে এবং অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে অংশীদার দেশগুলোর সঙ্গে নতুন মাত্রার সমন্বয় গড়ে তোলা হবে। জেলেনস্কি আরো বলেন, বিভিন্ন দেশের নেতাদের মধ্যে যেসব প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেগুলো দ্রুত এবং পুরোপুরি বাস্তবায়ন করা জরুরি। তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া একটি সমঝোতার আওতায় ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার কথা রয়েছে। সেই চুক্তিও দ্রুত কার্যকর হওয়া দরকার।
ইউক্রেন জানিয়েছে, তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ এখন খুবই সীমিত। গত এক মাসে রাশিয়ার ছোড়া উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করা সম্ভব হয়নি। এ কারণে কিয়েভ মিত্র দেশগুলোর কাছে আরো বেশি আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ চেয়েছে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির আহ্বানও জানিয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








