প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৭:৫৫ পিএম
মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারী নারী নিহত
মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারী নারী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ অন্তত আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাকি আহতরা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকার আকিজ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক গোলড়ার আকিজ স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ সেটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা অজ্ঞাতপরিচয় দুই শিক্ষার্থী ও এক নারী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এছাড়া ট্রাকের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) ও আরও এক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই শিক্ষার্থীসহ ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় গোলড়া হাইওয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1783431185.jpg)

_medium_1783430633.jpg)
