দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী মানিক হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত কুলসুম আক্তার মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। স্বামী মানিক হোসেন পূর্ব গৌরীপাড়া গ্রামের আমেদিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কুলসুম আক্তার মিমির বাবার বাড়িতে তার স্বামী মানিক হোসেন বিয়ের পর থেকেই ঘরজামাই থাকতেন। সংসার জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। মানিক কোন কাজকর্ম না করায় সংসার জীবনে প্রায়ই তার স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগে থাকত। আজ মঙ্গলবার রাতে কুলসুম আক্তার মিমি ও স্বামী মানিক হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক চলে। এরই এক পর্যায়ে ভোর পৌনে ৪টার দিকে ঘরে থাকা লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে মাথার পুরো অংশ থেঁতলে দেয় এবং বুকের বাম পাশে লোহার শাবলের পিছনের অংশ ঢুকিয়ে দেয়। এতে মাথার মগজ ছিন্নভিন্ন হয়ে যায়। তাৎক্ষণাৎ কুলসুম আক্তার মিমি মৃত্যুবরণ করেন। এসময় সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতক মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ স্বামী মানিককে আটক করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী মানিক হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনএই ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমির মা মেহেরুন নেছা বাদি হয়ে তার জামাই মানিক হোসেনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন








