সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আবুহার প্রামাণিক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুহার প্রামাণিক স্থানীয় কামারপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত আবুহার রাস্তার পশ্চিম পাশ দিয়ে তার দোকানে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত আবুহারকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. হাসান (২২) আহত হয়েছেন। হাসান বেলকুচি বড়ধুল ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের মো. আলম প্রামাণিকের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনবেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের হলে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







