২৭ বছর পর রেলওয়ে শ্রমিক প্রতিনিধি নির্বাচন বগুড়ায় ভোট দিলেন ২০৭ কর্মী
শহর প্রতিনিধি (বগুড়া) : বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের লালমনিরহাট বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর আয়োজিত এই প্রত্যক্ষ নির্বাচনে রেলসেবার অন্যতম কারিগর শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমিকদের এই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করায় রেলওয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে বগুড়া রেলওয়ে স্টেশন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার জানান, বগুড়া কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৫০ জন। এর মধ্যে ২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।
পোলিং অফিসারের দায়িত্ব পালনকারী বগুড়া রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. সাজেদুর রহমান সাজু জানান, বগুড়া কেন্দ্রে ট্রেন ‘খ’ গ্রুপ থেকে ট্রেন পরিচালক পদে মো: লুৎফর রহামান মোরগ প্রতীকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গ্রুপের বিভিন্ন পদের প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল বিভাগীয় কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়া ছাড়াও লালমনিরহাট বিভাগের আরও ১৭টি কেন্দ্রে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব কেন্দ্রের ভোট গণনার পর কেন্দ্রীয়ভাবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ায় রেলওয়ে শ্রমিকরা এই নির্বাচনকে তাদের অধিকার আদায়ের একটি মাইলফলক হিসেবে দেখছেন।
মন্তব্য করুন






_medium_1782745347.jpg)

