ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০১:১৩ এএম

লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: ব্রাজিল কিংবদন্তি রোনালদো

ছবি : সংগৃহীত, লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ঘিরে ‘সর্বকালের সেরা’ বিতর্কে এবার স্পষ্ট অবস্থান নিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আর্জেন্টাইন মহাতারকাকে সর্বকালের সেরা (জিওএটি) হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি বলেছেন, এখন সময় এসেছে পুরো বিশ্ব লুকোচুরি না করে এই সত্য মেনে নেওয়ার।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। ম্যাচে হ্যাটট্রিক করে একাধিক রেকর্ড গড়েন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক।

ক্যানসাস সিটির ম্যাচে মাঠে নেমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী মেসি। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকও করেন তিনি। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে নিজের করে নেওয়া সময়ের অপেক্ষা মাত্র।

এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচও খেলেছেন মেসি। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আগেই নিজের অবস্থান নিশ্চিত করেছিলেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ।

মেসির এমন অবিশ্বাস্য ধারাবাহিকতা ও রেকর্ড গড়ার পর তার প্রশংসায় পঞ্চমুখ হন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।

তিনি বলেন, “রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষ এটি ভাঙছে, তা বিশ্বের কোনো ফুটবল সমর্থকের কাছেই বিস্ময়ের নয়। আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারও অন্যতম শিরোপার দাবিদার।”

মেসির সর্বকালের সেরা হওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে রোনালদো বলেন, “যখনই মেসি মাঠে নামে, তখনই বিশেষ কিছু ঘটে। সে প্রতিটি মুহূর্তকে ঐতিহাসিক করে তোলে। এখন পুরো বিশ্বের লুকোচুরি বন্ধ করে মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।”

আরও পড়ুন

রোনালদোর মতে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু একটি জয় নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় রাত হয়ে থাকবে।

তিনি বলেন, “সে বছরের পর বছর একই ধারাবাহিকতায় খেলছে। ক্লাব ফুটবলে যেমন, বিশ্বকাপেও তেমন। এরপরও কেউ যদি তাকে নিয়ে সংশয়ে থাকে, তাহলে এই ম্যাচের পর আর কিছু বলার থাকে না। সে যে রাতটি কাটিয়েছে, সেটি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।”

আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করার মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকেও (১৫ গোল) পেছনে ফেলেন মেসি। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই ব্রাজিলিয়ান কিংবদন্তির।

অন্যদিকে ম্যাচ শেষে রোনালদোর প্রশংসা করতেও ভোলেননি মেসি। তিনি বলেন, “রোনালদো আমার দেখা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি সবসময়ই একজন কিংবদন্তি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কে কোথায় আছে, সেটা শুধু একটি পরিসংখ্যান।”

বিশ্বকাপে নতুন নতুন রেকর্ড গড়ে চলা মেসিকে ঘিরে তাই আবারও জোরালো হয়েছে ‘সর্বকালের সেরা’ বিতর্ক। আর সেই বিতর্কে এবার ব্রাজিলেরই এক কিংবদন্তি নির্দ্বিধায় জানিয়ে দিলেন, ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের নাম লিওনেল মেসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: ব্রাজিল কিংবদন্তি রোনালদো

‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’ মন্তব্য ঘিরে সংসদে বিতর্ক

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা

জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের

৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গোর গোল, সমতায় থেকে বিরতিতে পর্তুগাল