ম্যাচ সকাল সাতটায়, তার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দখল আর্জেন্টাইন সমর্থকদের
ঢাবি প্রতিনিধি : ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে ১৭ জুন সকাল সাতটায়। তবে ম্যাচ শুরুর অনেক আগেই ফুটবল উন্মাদনায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বর। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে রাতভর টিএসসিতে জড়ো হয়েছেন শত শত সমর্থক। মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকেই আকাশি-সাদা জার্সিতে ছেয়ে যায় টিএসসি। রাতে একটি মিছিল ও করেন তারা।
হাতে আর্জেন্টিনার পতাকা, মাথায় ব্যান্ডানা ও মুখে দলের রঙ মেখে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবার নিয়ে, আবার কেউ বিভিন্ন হল ও বিভাগ থেকে দল বেঁধে এসে খেলা দেখার প্রস্তুতি নেন। ছাত্রদল আয়োজিত টিএসসি চত্বরে বড় পর্দায় খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি। সমর্থকদের মধ্যে চলতে থাকে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা, প্রিয় খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ এবং দলকে ঘিরে নানা প্রত্যাশা। অনেকেই লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত হন। এক আর্জেন্টিনা সমর্থক বলেন, “বিশ্বকাপ এলেই টিএসসি যেন ছোট্ট একটা বুয়েনস আয়ার্সে পরিণত হয়। আমরা আশা করছি আর্জেন্টিনা জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান আরও শক্তিশালী করবে।” সমর্থকদের মধ্যে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, তবে খেলা ঘিরে উত্তেজনার কোনো কমতি ছিল না। বিশ্বকাপের প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফুটবল উন্মাদনা তৈরি হয়, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুনভোরের অপেক্ষায় প্রহর গুনতে থাকা সমর্থকদের প্রত্যাশা, মাঠে আর্জেন্টিনা তাদের সেরা খেলাটি উপহার দিয়ে সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।
মন্তব্য করুন



_medium_1781541308.jpg)





