এবারের বিশ্বকাপের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার গিলবার্তো মোরা
২০২৬ বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মোরা।
ফিফা প্রকাশিত ৪৮ দলের অফিসিয়াল তালিকা অনুযায়ী এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে ২২ জন টিনএজার অংশ নিচ্ছেন। রেকর্ড ১২৪৮ জন খেলোয়াড় ৪৮ দেশকে প্রতিনিধিত্ব করবে। যাদের মধ্যে টিনএজ মোরা সর্বকনিষ্ঠ। মেক্সিকোর তরুণ এই মিডফিল্ডারের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এখনও পর্যন্ত বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। ১৯৫৮ সালে শিরোপাজয়ী ব্রাজিলে খেলেছিলেন ১৭ বছর বয়সী পেলে।
২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। দুই দশক আগে ইংল্যান্ডের মাইকেল ওয়েন ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ১৮ বছর বয়সে খেলতে নেমেছিলেন।
বেশ কয়েকজন টিনএজার নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই এবারের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। যাদের মধ্যে স্প্যানিশ দুই তারকা ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল ও ১৯ বছর বয়সী পও কুবারসি অন্যতম।
জার্মানির ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল বায়ার্ন মিউনিখের হয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। আরও কিছু খেলোয়াড় যাদের বয়স ১৯ ছাড়িয়ে গেছে, তারাও প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন
২০ বছর বয়সী ওয়ারেন জেইরি-এমেরে ও ২১ বছর বয়সী ডিসায়ার ডুয়ে ফ্রান্স দলের অন্যতম ভরসার নাম। দুজনেই দুইবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী পিএসজির খেলোয়াড়।
২১ বছর বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় আছেন ইংল্যান্ডের নিকো ও’রিলি ও তুরষ্কের আরদা গুলার। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আছেন ২১ বছর বয়সী নিকো পাজ।
লিগা এমএক্স’র খেলোয়াড় মোরা গত এক বছর ধরেই মেক্সিকোর অন্যতম উদীয়মান তারকা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও তিনি রেকর্ড গড়বেন। ২০২৫ সালে গোল্ড কাপ বিজয়ী মেক্সিকো দলের সদস্য ছিলেন তিনি।
২০২৪ সালের আগস্টে মাত্র ১৫ বছর বয়সে মেক্সিকান প্রথম বিভাগে খেলতে নেমে মোরা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে তার জাতীয় দলে অভিষেক হয়।
অন্যদিকে, ৪৩ দিন ১৬২ বছর বয়সে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪১ বছর বয়সী পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোসহ ৪০ বছরের বেশি বয়সে আরও ছয়জন খেলোয়াড় এবারের আসরে খেলবেন।
ফিফার তালিকা অনুযায়ী, ৩৫৭ জন খেলোয়াড়ের অন্তত একটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ৮৯১ জনেরই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে।
মন্তব্য করুন







_medium_1780583765.jpg)
