ঈদুল আজহা : ত্যাগের মহিমায় উদ্ভাসিত মানবতার দীপশিখা
মানবজীবনের প্রতিটি উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয়, বরং একটি আদর্শ, শিক্ষা ও চেতনার বহিঃপ্রকাশ। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা, ঠিক তেমনই এক অনন্য মহিমাময় আয়োজন, যার অন্তর্নিহিত শিক্ষা নিহিত রয়েছে ত্যাগ, আত্মশুদ্ধি, মানবতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যে। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি মুসলমান প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করে। কিন্তু ঈদুল আজহার তাৎপর্য কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার এক মহান আহ্বান।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও আত্মত্যাগের অমর গাথা: ঈদুল আজহার ইতিহাস মানবসভ্যতার অন্যতম বিস্ময়কর আত্মত্যাগের কাহিনি বহন করে। ঈদুল আজহার মূল ইতিহাস জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁর পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর চরম আত্মত্যাগের চিরস্মরণীয় ঘটনার সঙ্গে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে নিজের সবচেয়ে প্রিয় বৃদ্ধ বয়সের সন্তানকে উৎসর্গ করতে পিতা ও পুত্রের যে অনন্য আনুগত্য, ধৈর্য ও খোদাভীতির নজির সৃষ্টি হয়েছিল, তারই স্মারক হিসেবে প্রতি বছর বিশ্ব মুসলিম কোরবানি দিয়ে থাকেন। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি মানবজাতিকে শিক্ষা দেয় যে, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকেও সানন্দে বিসর্জন দেওয়া সম্ভব।
পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় বান্দার ‘তাকওয়া’ বা খোদাভীতি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘শহীদী ঈদ’ কবিতায় এই গভীর সত্যটিই মনে করিয়ে দিয়েছেন ‘মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই।’ অর্থাৎ, নিজের ভেতরের লোভ, হিংসা, ক্ষতিকর অহংকার, পরশ্রীকাতরতা আর পশু বৃত্তিকে বিসর্জন না দিতে পারলে পশুর গলায় ছুরি চালানো কেবলই একটি মাংসের উৎসবে পরিণত হয়, যা কোরবানির মূল স্পিরিটের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। পশুর রক্ত ঝরানোর আগে নিজের ভেতরের অন্যায় ও কলুষতাকে বিসর্জন দেওয়াই কোরবানির আসল উদ্দেশ্য। সামাজিক সাম্য ও অর্থনৈতিক গতিশীলতা: আজকের যান্ত্রিক, ভোগবাদী ও আত্মকেন্দ্রিক সমাজে কোরবানির সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এটি মানুষকে শেখায় কীভাবে নিজের স্বার্থ ও ভোগের একটি বড় অংশ সমাজের সুবিধাবঞ্চিত এবং অবহেলিত মানুষের জন্য উৎসর্গ করতে হয়। ইসলামের নিয়ম অনুযায়ী, কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করে নিজের পরিবার, আত্মীয়-স্বজন এবং সমাজের দরিদ্র ও অভাবী মানুষের মাঝে বিলিয়ে দিতে হয়।
আমাদের চারপাশে এমন কোটি কোটি সাধারণ মানুষ রয়েছেন, যাঁরা অর্থনৈতিক টানাপোড়েনের কারণে সারা বছর পুষ্টিকর খাবার বা মাংস কিনে খাওয়ার সুযোগ পান না। এই একটি দিনে তাদের মুখে হাসি ফোটে, তারা পেট পুরে ভালো খাবার খেতে পারেন। এই সামাজিক মেলবন্ধন ধনী ও দরিদ্রের মধ্যকার দীর্ঘদিনের তৈরি হওয়া বৈষম্যের দেয়ালকে ভেঙে চুরমার করে দেয় এবং সমাজে এক অনন্য সৌহার্দ্য ও সাম্যের পরিবেশ সৃষ্টি করে। এটি শুধু একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি একটি চমৎকার সামাজিক পুনঃবণ্টন ব্যবস্থা, যা সমাজে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
পাশাপাশি, ঈদুল আযহার অর্থনৈতিক প্রভাবও দেশের সামষ্টিক অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। কোরবানিকে কেন্দ্র করে দেশের পশুর হাট, গ্রামীণ খামারি, চামড়া শিল্প, মসলার বাজার, পরিবহন খাত এবং পোশাক শিল্পে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তোলে এবং বহু প্রান্তিক মানুষের জীবিকার পথ সুগম করে। খামারিরা সারা বছর ধরে যে শ্রম দেন, এই ঈদের সময়ে তাঁরা তার সঠিক মূল্য পান। ফলে উৎসবটি একদিকে যেমন আধ্যাত্মিক, অন্যদিকে তেমনই সামাজিকভাবে কল্যাণমুখী ও অর্থনৈতিকভাবে গতিশীল। অপচয় ও আভিজাত্যের প্রতিযোগিতার অবসান: বর্তমান সময়ে কোরবানি উদযাপনে কিছু নেতিবাচক ও উদ্বেগজনক প্রবণতাও লক্ষ্য করা যায়, যা এই পবিত্র উৎসবের মূল শিক্ষার পরিপন্থী। অনেক সময় দেখা যায়, পশুর হাটে গিয়ে কে কত বেশি দামে পশু কিনতে পারেন, তা নিয়ে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা বা আভিজাত্যের প্রদর্শনী চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কার পশুটি কত বড়, কারটি কত লাখ বা কোটি টাকা দামি- এই আলোচনা যখন মুখ্য হয়ে ওঠে, তখন কোরবানির ভেতরের বিনয়, নম্রতা ও আল্লাহর প্রতি সমর্পণ আড়ালে পড়ে যায়।
কোরবানি কোনো সামাজিক স্ট্যাটাস বা অহংকার প্রকাশের মাধ্যম নয়। লোকদেখানো বা আত্মঅহমিকার মানসিকতা আমাদের ইবাদতের মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়। আমাদের মনে রাখা উচিত, ত্যাগের মাহাত্ম্য পশুর আকার বা মূল্যে নয়, বরং কোরবানিদাতার নিয়ত এবং মনের শুদ্ধতার ওপর নির্ভর করে। একজন দরিদ্র মানুষের আন্তরিকভাবে দেওয়া ছোট একটি কোরবানিও আল্লাহর দরবারে একজন ধনীর লোকদেখানো কোটি টাকার কোরবানির চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে। তাই দেখনদারি বা লৌকিকতা পরিহার করে সংযম ও আন্তরিকতার সঙ্গে এই ইবাদত সম্পন্ন করাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। কোরবানির পশুর পেছনে অতিরিক্ত অর্থ অপচয় না করে, সেই অর্থ দিয়ে যদি কোনো গরিব শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়া যায়, কোনো অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা যায় কিংবা কোনো বেকার যুবককে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তবেই ত্যাগের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। আমাদের কোরবানি যেন কেবলই একদিনের আনুষ্ঠানিকতা না হয়, বরং এটি যেন আমাদের সারা বছরের জীবনযাত্রাকে প্রভাবিত করে।
আরও পড়ুনঈদুল আযহা কেবল একটি উৎসব নয়, এটি এক পরম আত্মশুদ্ধি, আত্মজাগরণ এবং মানবিকতা জাগিয়ে তোলার সামাজিক অনুঘটক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের কল্যাণে এবং মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজের স্বার্থ, অহংকার ও প্রিয় জিনিসকে বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকাই জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। পশুর হাটের দরদাম কিংবা সাময়িক আভিজাত্যের প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে আমরা যদি সত্যিকার অর্থে ত্যাগের মহিমা মনে ধারণ করতে পারি, তবেই আমাদের সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, লোভ ও শোষণ দূর হবে। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অনাহারী মানুষের মুখে হাসি ফোটানো, সবার সাথে আনন্দের সমভাগী হওয়া, নাগরিক দায়িত্ব পালন করা এবং নিজের সমাজকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখাই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার। পশুর সঙ্গে সঙ্গে আমাদের মনের সব সংকীর্ণতাও কোরবানি হোক। বিশ্বের সকল মানুষের জীবনে ও সমাজে এই ত্যাগের আলো ছড়িয়ে পড়ুক, ঘুচে যাক সব বৈষম্য।
লেখক :
ফারদিন মোহাম্মদ
শিক্ষার্থী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








