রংপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
রংপুর জেলা প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরে পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। শনিবার (৩০মে) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান, বিএনপি নেতা সালেকুজ্জামান সালেকসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করেন। জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এদিকে জেলা বিএনপির উদ্যোগে শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আফছার আলী, আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, পরিতোষ চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অপরদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা। দোয়া মাহফিল শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে তবারক বিতরণ করেন।
মন্তব্য করুন

_medium_1780211560.jpg)







