যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ আরও দুজন।
আজ শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী (৭০)।
আহতরা হলেন—ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার চার বছর বয়সী শিশু সৌভিক সাহা এবং মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৮-০৩২৩) চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যান ও ইজিবাইকসহ তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী ও আরোহী বৃষ্টি সাহা প্রাণ হারান।
আরও পড়ুন
পরে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।