শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফেরত চায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা চাই তিনি (শেখ হাসিনা) মামলা ফেস করুক। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় আসছে- পলাতক শেখ হাসিনা আবার দেশে ফিরতে চান। এ বিষয়ে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাতো তাকে (শেখ হাসিনা) ফেরত চাই, আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি (শেখ হাসিনা) মামলা ফেস করুক।’
শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেয় তখন গণমাধ্যম সেটা প্রচার করে, এ ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ রকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে সেক্ষেত্রে আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত।
ভারতের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে প্রবশ করেছে তাদের বাংলাদেশে পুশইন করা হবে। ৫ আগস্টের পর অনেকেই ভারতে প্রবেশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইনকানুনের বিষয়। ভারতের আইন যেটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) সেরকম আরও একটা আইন আছে ন্যাশনাল সিটিজেন অব রেজিস্টার (এনআরসি); এগুলো ভারত কীভাবে নির্ধারণ করবে তা তাদের নিজস্ব ব্যাপার।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হয়তো নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কী করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার কথা না। আমাদের সীমান্তে বিজিবি মোতায়েন আছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি।
আরও পড়ুনপুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের দায়িত্ব থাকে, তারা পালন করে আইন অনুযায়ী। কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজ হচ্ছে ঘটনা সংগঠিত না হতে পারে। যেমন মাদক উদ্ধার, চোরাচালান ঠেকানো কিংবা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়, এগুলো প্রোঅ্যাক্টিভ।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত চার্জশিট দিয়ে অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে। শাস্তির বিষয়টি আদালত নিশ্চিত করবে।
মন্ত্রী বলেন, রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের ফাইভ মার্ডারসহ সাম্প্রতিক আলোচিত সব হত্যার তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ বাহিনীর সংস্কারও করা হবে।
সরকার খুব বেশি সময় পায়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে, এজন্য কিছুটা সময় দিতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1779365250.jpg)





