ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে বার্তা নেইমারের
স্পোর্টস ডেস্ক : সব ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে। অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর সমালোচনারও মুখে পড়তে হয়েছিল তাকে। তবে সেই সমালোচনাকে পেছনে ফেলে আবারও নিজের সেরা অবস্থায় ফিরেছেন বলে দাবি নেইমারের। ২০২৩ সালের পর আর ব্রাজিলের জার্সিতে খেলেননি এই ফরোয়ার্ড। গুরুতর চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নীরবতা ভেঙে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার। ফুটবলপ্রেমীদের মধ্যে নেইমারকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে সেলেসাওদের ভেতরকার পরিবেশ একদম ভিন্ন। তিনি বলছিলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’
আরও পড়ুনএদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল’র একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। সান্তোস ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’ তাছাড়া তরুণ ফরোয়ার্ড এসতেভাওয়ের ইনজুরির পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে বড় নাম এই মুহূর্তে ব্রাজিলে নেই। আনচেলত্তি যদি এই নেইমারকে মাঠে কাজে লাগাতে পারেন, তবে তা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তি।
মন্তব্য করুন









