ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৬:৪৯ বিকাল

চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ বাসেই পদ্মায় বাসডুবি: মন্ত্রী শেখ রবিউল আলম

চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ বাসেই পদ্মায় বাসডুবি: মন্ত্রী শেখ রবিউল আলম

দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে সরকার। তদন্তে চালকের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিপূর্ণ বাসকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
 
আজ রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী জানান, দুর্ঘটনার সময় বাসটি ফেরিঘাটে দাঁড়িয়ে ছিল এবং ফেরিতে ওঠানোর প্রস্তুতিও সম্পন্ন হয়নি। কিন্তু হঠাৎ করেই বাসটি চলতে শুরু করে। তদন্তে উঠে এসেছে, ওই মুহূর্তে গাড়িটির ব্রেক কাজ করেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
 
তিনি বলেন, ‘ত্রুটিযুক্ত যানবাহন, চালকের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার পেছনেও একই কারণ কাজ করছে।’
 
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ২৮ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
 
আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ করতে অতীতের তুলনায় বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সড়কে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও বাড়ানো হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এসময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

২য় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ বাসেই পদ্মায় বাসডুবি: মন্ত্রী শেখ রবিউল আলম

পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন

এক ফ্রেমে চাঙ্কি-চঞ্চল

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট