প্রকাশ : ১৫ মে, ২০২৬, ০৯:১৪ রাত
কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ৬৫ জন।
শুক্রবার (১৫ মে) আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই স্বর্ণখনি অধ্যুষিত মঙ্গওয়ালু ও রামপারা শহরের বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় ডিআর কঙ্গো, প্রতিবেশী উগান্ডা ও দক্ষিণ সুদানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে আফ্রিকা সিডিসি। বৈঠকে সীমান্ত নজরদারি জোরদার ও রোগ প্রতিরোধ কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
বর্তমান গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে। ধারণা করা হয়, বাদুড়ের মাধ্যমে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দেশটিতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।
সংক্রমিত ব্যক্তির শরীরের তরল পদার্থ বা ক্ষতস্থানের সংস্পর্শে এ রোগ ছড়ায়। এতে তীব্র রক্তক্ষরণ, অঙ্গ বিকলসহ নানা জটিলতা দেখা দিতে পারে।
প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, দুর্বলতা, মাথাব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে র্যাশ এবং রক্তক্ষরণ শুরু হতে পারে।
বর্তমানে ইবোলার নির্দিষ্ট কোনো কার্যকর চিকিৎসা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ রোগে আক্রান্তদের গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1778838361.jpg)
