পথ খুঁজে দেওয়ার পাশাপাশি এবার প্রশ্নের উত্তরও দেবে গুগল ম্যাপ
ডিজিটাল দুনিয়ায় পথ খোঁজা এখন আর কোনো ঝামেলার বিষয় নয়। গুগল ম্যাপস খুললেই মুহূর্তে মিলছে গন্তব্য, দূরত্ব, সময় আর রুটের হিসাব। তবে শুধু পথ দেখানোতেই থেমে থাকছে না এই অ্যাপ নতুন আপডেটে এটি হয়ে উঠছে আরও স্মার্ট, আরও ব্যক্তিগত সহকারী।
সম্প্রতি গুগল ম্যাপে যুক্ত হয়েছে ‘আস্কস ম্যাপস’ নামের একটি নতুন ফিচার, যা ব্যবহারকারীদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। গুগল জেমিনি প্রযুক্তির সহায়তায় তৈরি এই ফিচারের মাধ্যমে ম্যাপের ভেতরেই চ্যাট বা ভয়েস মেসেজের মাধ্যমে যে কোনো প্রশ্ন করা যাবে। ফলে আর আলাদা করে সার্চ করতে হবে না আপনার প্রয়োজনীয় তথ্য নিজেই খুঁজে দেবে ম্যাপ।
ধরুন, আপনি নতুন কোনো এলাকায় গিয়েছেন এবং জানতে চান কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোন রেস্তোরাঁয় পার্কিং সুবিধা আছে, কোন রেস্তোরাঁয় স্থানীয় এবং জনপ্রিয় খাবার পাওয়া যাবে, কিংবা কোথায় বসে খাওয়ার পাশাপাশি লাইভ খেলা দেখা যাবে এই সব প্রশ্নের উত্তর এক জায়গাতেই পাওয়া যাবে। এমনকি বয়স্ক বাবা-মাকে নিয়ে ভ্রমণে গেলে কোথায় আরামদায়ক পরিবেশ পাওয়া যাবে, তাও জানিয়ে দেবে এই ফিচার।
আগেও গুগল ম্যাপ ব্যবহারকারীদের রিভিউ, রেটিং এবং ব্যক্তিগত সার্চ হিস্ট্রির ভিত্তিতে সাজেশন দিত। তবে নতুন ‘আস্কস ম্যাপস’ ফিচার সেই অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে। এখন ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস এবং পরিস্থিতি বুঝে রিয়েল-টাইমে আরও নির্ভুল ও প্রাসঙ্গিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে।
বর্তমানে এই ফিচারটি ইংরেজি ভাষায় চালু হয়েছে। তবে খুব শিগগিরই আরও ভাষায়, বিশেষ করে হিন্দিতে এটি চালুর পরিকল্পনা রয়েছে। ফলে ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারী সহজেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুনবিশেষজ্ঞরা মনে করছেন, এই আপডেটের ফলে গুগল ম্যাপ আর শুধু একটি নেভিগেশন অ্যাপ নয় এটি হয়ে উঠছে একটি পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড। দৈনন্দিন জীবন থেকে শুরু করে ভ্রমণ সব ক্ষেত্রেই এটি ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দ্রুত ও সহজভাবে।
সূত্র: গুগল হেল্প
মন্তব্য করুন

আইটি ডেস্ক








