ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:৫৯ রাত

বগুড়ার মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

বগুড়ার মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : তীব্র ডিজেল সংকটের মধ্যেই শেরপুর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় মহাসড়কের পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শেরুয়া বটতলা থেকে ধুনট মোড় পর্যন্ত ১ কিলোমিটার একটি মাত্র সার্ভিস লেন ট্রাকের দীর্ঘ লাইনে বন্ধ রয়েছে। গতকাল সোমবার সারাদিন তেল সরবরাহ বন্ধ রাখায় ট্রাকচালক, মালিক ও কৃষক চরম দুর্ভোগে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স স্বাক্ষর ফিলিং স্টেশনের সামনে অন্তত ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ডিজেলের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। একই চিত্র কুদ্দুস, তৌহিদ ও মির্জাপুর ফিলিং স্টেশন এলাকাতেও।

চালকদের অভিযোগ, গত তিন দিন ধরে তেলের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা ডিজেল পাচ্ছেন না। কক্সবাজারগামী চালবাহী ট্রাকের চালক সেলিম বলেন, গত রোববার সকাল থেকে লাইনে আছি। গতকালও তেল পাইনি, আজকে দিবে বললেও হঠাৎ জানানো হলো তেল দেওয়া হবে না। এতে পণ্য সময়মতো পৌঁছাতে পারছি না, আয়ও বন্ধ।

একইভাবে অন্যান্য চালকরাও জানান, তেলের অভাবে মহাসড়কে ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং তাদের দৈনন্দিন আয়ে বড় ধরণের প্রভাব পড়ছে। অনেকেই পারিবারিক খরচ ও চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। শুধু পরিবহন খাতই নয়, কৃষি ক্ষেত্রেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। ডিজেল না থাকায় ধানের জমিতে সেচ দিতে পারছেন না প্রান্তিক কৃষকরা। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বগুড়া জেলা বাস মিনিবাস কোট ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন বলেন, শেরপুর ও ধুনট উপজেলায় প্রায় দুই হাজার ডিজেল চালিত যানবাহন রয়েছে। তেল সংকটের কারণে শ্রমিক পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েছে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

আরও পড়ুন

এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ সংকট ও প্রশাসনিক নির্দেশনার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাক্ষর ফিলিং স্টেশনের ক্যাশিয়ার জাফর জানান, দুই দিন আগে আসা তেল দ্রুত শেষ হয়ে যায়। নতুন করে তেল এলেও প্রশাসনের নির্দেশে আজ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার থেকে আবার তেল দেওয়া শুরু হবে।

স্টেশনটির ব্যবস্থাপক তুলিপ কুমার সাহা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ফলে তেল আসার পরপরই শেষ হয়ে যায়। এদিকে ডিজেল সংকটের কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারমুখী পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। পাশাপাশি রাজধানী থেকেও উত্তরবঙ্গমুখী ট্রাক চলাচল কমে গেছে। এতে সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে মহাসড়কের পাশে বিশৃঙ্খলা এড়াতে সাময়িকভাবে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা

রংপুরে সিনেমা হলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, আটক ৩৭

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে যুবকের আত্মহত্যা

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

বগুড়ার শাজাহানপুরে রাস্তায় অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বাসের ভিতর থেকেই কথা বললেন প্রধানমন্ত্রী