ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ রাত

বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন হচ্ছে

বগুড়ায় বৈশাখী মেলার উদ্বোধন করে উন্নয়নের পরিকল্পনা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

বগুড়ায় বৈশাখী মেলার উদ্বোধন করে উন্নয়নের  পরিকল্পনা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আর বর্ণিল আয়োজনে মঙ্গলবার সকালে বগুড়ার পৌর পার্কে উদ্বোধন করা হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার। মেঘাচ্ছন্ন সুশীতল সকালে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।    

শহরের পৌর এডওয়ার্ড পার্ক প্রাঙ্গণে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা ও জেলা পরিষদের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় বগুড়ার সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এরপর সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের সুর মূর্ছনায় এবং নৃত্যের তালে তালে নতুন বছরকে বরণ পর্ব শুরু হয়। 

এরপর অতিথিদের বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী খাবার-খাগরাই, মুড়কি, বাতাসা দিয়ে মিষ্টিমুখ করানো হয়। এর আগে শাহি এলানের মাধ্যমে অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথির নাম জানিয়ে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিদের মঞ্চে ডেকে নিয়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় বক্তব্য পর্ব। 

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বগুড়াকে সারাদেশ ও বিশ্বের কাছে উপস্থাপন করতে হবে। এজন্য যা যা করা প্রয়োজন তার উদ্যোগ নিতে হবে। বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বগুড়ার বিমানবন্দরটিকে কীভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা যায়, তা নিয়ে কাজ চলছে। কারণ, উত্তরাঞ্চলে বগুড়া একটি হাব। এখান থেকে প্রচুর সবজি বিদেশে রপ্তানি হচ্ছে। এজন্য আন্তর্জাতিক বিমানবন্দর করার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিও লেটার দেওয়া হয়েছে। যাতে যাত্রীবাহী বিমানের পাশাপাশি এখান থেকে কার্গো বিমানও ওঠানামা করে। তিনি আরও বলেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যে রেল যোগাযোগ, এটির জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। এ ব্যাপারে রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে। আশা করছি, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী বগুড়া অংশে এই কাজের উদ্বোধন করবেন। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে নতুন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আইন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’। এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিভাগের মধ্যে-কৃষি বিভাগ, প্রোকৌশল বিভাগ ও চিকিৎসা অনুষদও চালু করা হবে। যাতে ভবিষতে বগুড়ায় আলাদা করে কৃষি, প্রোকৌশল ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন না হয়। প্রধানমন্ত্রী নির্দেশনায় এসব করা হচ্ছে। 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, ২০ এপ্রিল বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী। এই সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়াও বগুড়া শহরের যানজট নিরসনে কাজ শুরু হয়েছে। বুয়েটের উচ্চ পর্যায়ের একটি দল শহরের যানজট নিরসনে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। দ্রুত এ ব্যাপারে কাজ শুরু হবে। 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার শত ব্যস্ততার মাঝেও তার নিজ জেলা নিয়ে ভাবেন। তিনি বগুড়ার উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেই কাজ করছেন এবং আমাদের নির্দেশনা দিচ্ছেন। এসময় প্রতিমন্ত্রী বগুড়ার স্থানীয় শিল্পীদের জন্য দ্রুত রেকর্ডিং রুম করে দেওয়ার ঘোষণা দেন।   

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সন্মানিত অতিথি ছিলেন-বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাত আলী, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন, জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার মাহমুদুল হাসান, বিআইআইটি’র অধ্যক্ষ প্রোকৌশলী সাহাবুদ্দিন সৈকত, লাইট হাউজের প্রধান নির্বাহী হারুনুর রশিদ। বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব এড. পলাশ খন্দকার। পরে এক এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় গ্রাম বাংলার চিরায়ত ও বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণের পাশাপাশি ঘোড়ার গাড়িসহ ঢাক-ঢোলের বাজনার তালে তালে নেচে-গেয়ে শহর প্রদক্ষিণ করে।  

আরও পড়ুন

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বৈশাখী মেলার উদ্বোধন করে উন্নয়নের পরিকল্পনা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

অনলাইন-অফলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে বগুড়ায় এসে যা বললেন শিক্ষামন্ত্রী

বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

বগুড়ার রেল লাইন, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট নিয়ে কাজ করছে সরকার: মীর শাহে আলম

জয়পুরহাটে পাঁচ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার   

বিএনপি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করতে চায়