কুরিয়ার সার্ভিসের পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি
স্টাফ রিপোর্টার : কুরিয়ার ও লজিস্টিক সার্ভিসের জন্য জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে কুরিয়ার সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ৭ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের লাইসেন্স কর্তৃপক্ষের চেয়ারম্যানের বরাবরে এই আবেদন করা হয়।
সংগঠনের সভাপতি হাফিজুর রহমান পুলক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, দেশে চলমান জ্বালানি সংকটের কারণে আমাদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে জ্বালানি সংগ্রহের জন্য আমাদের পরিবহণ/যানবাহনগুলোকে বিভিন্ন পাম্পে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না, এমনকি পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় খালি হাতেও ফিরে আসতে হচ্ছে।
পাম্প কর্তৃপক্ষের মতে, তারা চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ পাচ্ছে না। এই পরিস্থিতির ফলে কুরিয়ার ও লজিস্টিক সার্ভিস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবেদনে বলা হয়, এই খাতটি দেশের সরবরাহ চেইন বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে তৈরি পোশাক খাত, ই-কমার্স, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে। এই খাতে বিঘ্ন ঘটলে দেশের অর্থনৈতিক কার্যক্রম, রপ্তানী কার্যক্রম এবং কর্মসংস্থান সরাসরি ক্ষতিগ্রন্থ হয়।
আবেদনে কুরিয়ার ও লজিস্টিক সার্ভিসের মতো জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিটি পাম্পে পৃথক জরুরি লাইন চালু করা, নির্ধারিত জ্বালানি বরাদ্দ নিশ্চিত করা, নিবন্ধিত কুরিয়ার ও লজিস্টিক যানবাহনের জন্য নূন্যতম জ্বালানি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান হয়।
আরও পড়ুনএদিকে দেশের অন্যতম এবং উত্তরাঞ্চলের বৃহৎ কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস কতৃপক্ষ বগুড়া জেলা প্রশাসক বরাবরে আবেদন করে কুরিয়ার সার্ভিস সেবা অব্যহত রাখতে ডিজেলের বরাদ্দ বাড়ানোর আবেদন করেছে। প্রতিষ্ঠানটি যমুনা ওয়েল লি. এর বগুড়ার উপ মহাব্যবস্থাপক বরাবরের ডিজেলের বরাদ্দ বাড়ানোর জন্য আবেদন দিয়েছে।
দেশের অভ্যন্তরীণ মালামাল সহজে এবং দ্রুত নিরাপদ পৌছানোর জন্য কুরিয়ার সার্ভিস অবদান রেখে চলেছে। এ প্রেক্ষিতে কুরিয়ার সার্ভিস চালু রাখতে দাবি সম্বলিত আবেদন করা হয়েছে।
মন্তব্য করুন







