পাবনার চাটমোহরে মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে একটি জামে মসজিদের হিসাব-নিকাশকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ও গত শনিবার।
জানা যায়, ওই মসজিদের সভাপতি আ: জলিল মাস্টার ও সাধারণ সম্পাদক নুর ইসলাম। গত শুক্রবার বাদ জুমা মসজিদের হিসাব-নিকাশ নিয়ে এলাকাবাসী বসেন। এ সময় সভাপতি ও সম্পাদকের গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পক্ষে নেতৃত্ব দেন আ: রাজ্জাক, অপরপক্ষে মঞ্জু। বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
কয়েকজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঈদের দিন ফের সংঘর্ষ বাধে। এতে আরো অন্তত ১০ জন আহত হন। এ সময় ছুরিকাঘাত করা হয় আজিজুল হকের ছেলে রব্বেলকে(৩৫)। তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকটি বাড়িঘরে হামলাও করা হয়। পুলিশ ও এলাকার কতিপয় ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। আজ বুধবার এনিয়ে মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র জানায়।
আরও পড়ুনচাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সরোয়ার হোসেন জানান, দুইদিনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







