আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য এলো বড় খবর। স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ এবং পরবর্তীতে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা।
তবে দমে না গিয়ে দ্রুতই নতুন সূচি ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে স্কোয়াডে বড় চমক হিসেবে রিয়াল মাদ্রিদ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনোকে ফিরিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
শুরুতে ২৭ মার্চ কাতারের মাটিতে স্পেনের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এরপর ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে খেলার পরিকল্পনা থাকলেও সেখানে বাধা হয়ে দাঁড়ায় ফিফার নিয়ম।
গুয়াতেমালা আগে থেকেই ২৭ মার্চ ইতালিতে আলজেরিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলার চুক্তিতে ছিল।
ফিফার নিয়ম অনুযায়ী, একই আন্তর্জাতিক বিরতিতে কোনো দল দুটি ভিন্ন মহাদেশে ম্যাচ খেলতে পারে না। এই ভ্রমণ বিধিনিষেধের কারণেই শেষ পর্যন্ত গুয়াতেমালা ম্যাচটিও বাতিল হয়ে যায়।
আরও পড়ুন
আগের দুই ম্যাচ বাতিল হওয়ার পর আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে আফ্রিকার দুই দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়াকে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠ বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে।
২৭ মার্চ মৌরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত ১৮ মার্চ গুয়াতেমালা ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্কালোনি। তবে নতুন সূচি ঘোষণার পাশাপাশি দলে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, ১৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদ সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুনো এবং স্ট্রাসবার্গের ফরোয়ার্ড জোয়াকিন পানিচেলি।
রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় শুরুতে মাস্তানতুনোকে রাখা হয়নি।
তবে বিশ্বকাপের আগে এই তরুণ প্রতিভাকে আরেকবার ঝালিয়ে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি স্কালোনি।