ইরানের বাসিজ ফোর্সের প্রধান নিহত, কঠোর হুঁশিয়ারি দিল তেহরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বাসিজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় বাসিজ প্রধান নিহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, বাসিজ বাহিনীর এই শীর্ষ কমান্ডারের মৃত্যু ইরানের জন্য বড় ক্ষতি।
বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মানিত শহীদের হত্যাকারী দুষ্ট ও সন্ত্রাসীদের আমরা সতর্ক করে দিচ্ছি, নিবেদিতপ্রাণ বাসিজ যোদ্ধারা কখনোই তাদের নেতার, শহীদ কমান্ডারদের এবং জনগণের অসংখ্য শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না।
আরও পড়ুনউল্লেখ্য, বাসিজ বাহিনী ইরানের একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে আইআরজিসির সহায়ক হিসেবে কাজ করে।
এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইরান।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








