শরণখোলায় আস্ত ছাগল গিলে লোকালয়েই পড়ে ছিল সুন্দরবনের অজগর
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে একটি বিশালাকার অজগর সাপ আস্ত ছাগল গিলে খাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল সকালে সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে না ফেরায় তিনি খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর চরের একটি ঝোপের মধ্যে বিশাল আকারের একটি অজগর পড়ে থাকতে দেখেন। সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় ধারণা করা হয়, এটি ছাগলটি গিলে ফেলেছে।
খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন। এ সময় আস্ত ছাগল গিলে ফেলা সাপটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ সেখানে ভিড় করেন।
আরও পড়ুনছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগরটি তার ছাগল গিলে ফেলেছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা লোকালয় থেকে প্রায় ১৫ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে টহল ফাঁড়িতে নিয়ে যান। পরে মঙ্গলবার দুপুরে সেটিকে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773152985.jpg)




_medium_1773153779.jpg)
