টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি ভর্তি ড্রামট্রাক বসতঘরে ঢুকে পড়লে চাপা পড়ে নাজিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের স্ত্রী মতিয়ারা বেগমও আহত হয়েছেন।
নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে ছিলেন। চুকুরিয়া নদী তীরের মাটি কেটে ড্রামট্রাক দিয়ে নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ালিয়া পাড়া আঞ্চলিক সড়ক সংলগ্ন নাজিম উদ্দিনের ঘরে ট্রাকটি ঢুকিয়ে দেন।
বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম জেগে দেখেন তাঁর স্বামী ট্রাকের নিচে চাপা পড়ে আছেন। পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নাজিম উদ্দিনের মরদেহ বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মাটি ব্যবসায়ী সংশ্লিষ্টরা নিহতের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের মেয়ে মহারাণী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, এভাবে যেন আর কাউকে বাবা হারা হতে না হয়।
আরও পড়ুন
নিহতের জামাতা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ড্রামট্রাক মালিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সকালে এসে মীমাংসার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় তাঁরা হুমকি দিয়ে চলে গেছেন বলে তিনি উল্লেখ করেন। এলাকাবাসীর দাবি, অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালক দিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ড্রামট্রাকটি জব্দ করা হলেও চালককে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।