ঠাকুরগাঁওয়ে বট-পাকুড়ের বিয়ে লোকাচারে মুখর গ্রাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঢাকের তালে তালে ভেসে আসছে সানাইয়ের সুর, চারপাশে বর্ণিল সাজসজ্জা। আত্মীয়স্বজন ও অতিথিদের পদচারণায় উৎসবের আবহ। সবকিছু মিলিয়ে যেন একটি জমজমাট বিয়েবাড়ি। তবে এই বিয়ের বর মানুষ পাকুড়গাছ, আর কনে বটগাছ। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের কিসমত পাহাড়ভাঙ্গা গ্রামে গত শুক্রবার সনাতন ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছে এই ব্যতিক্রমী আয়োজন। মানুষের বিয়ের আদলে গায়ে হলুদ, মন্ডপসজ্জা, মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে মধ্যাহ্নভোজ সব আয়োজনই ছিল পূর্ণাঙ্গ।
এর আগে, গত বৃহস্পতিবার গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শুক্রবার দুপুরে কালীমন্দির সংলগ্ন পুকুরপাড়ে সাজানো মন্ডপে পাকুড়গাছকে পরানো হয় সাদা ধুতি, আর বটগাছকে সাজানো হয় লাল-হলুদ শাড়ি ও ফুলের মালায়। মন্ডপজুড়ে ছিল আলপনার নকশা। ধান, দুর্বা, হলুদ, সিঁদুর, ধূপকাঠি, কলা, দই ও নানা মিষ্টান্নে পূর্ণ ছিল পূজার বেদি। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি, ঢাক, কাঁসর ও সানাইয়ের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা আড়াইটায় ধর্মীয় রীতিতে মন্ত্রপাঠের মধ্যদিয়ে সাত পাকে আবদ্ধ করা হয় বর ও কনেকে। উপস্থিত অতিথিরা উপহার দিয়ে আশীর্বাদ জানান। পরে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের।
বিয়েতে কনেপক্ষের দায়িত্ব পালন করেন চিলারং গ্রামের পরিমল চন্দ্র বর্মন (৫৫) এবং বরপক্ষের দায়িত্বে ছিলেন কিসমত পাহাড়ভাঙ্গা গ্রামের বলরাম সরকার(৬০)। তারা জানান, কয়েক বছর আগে লাগানো এই বট ও পাকুড়গাছের কল্যাণ কামনায় এবং প্রবীণদের পরামর্শে এই বিয়ের আয়োজন করা হয়েছে। প্রায় ৪০০ পরিবারকে নিমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে।
বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করা পুরোহিত শুভন চক্রবর্তী বলেন, বট ও পাকুড় হিন্দুধর্মে পবিত্র বৃক্ষ হিসেবে বিবেচিত। পূজা-অর্চনায় এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। মূলত মানুষের মোক্ষলাভ, প্রকৃতির মঙ্গল, বৃক্ষরোপণ ও সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরণের আয়োজন করা হয়।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, বট-পাকুড়ের বিয়ের কথা শুনলেও সরাসরি দেখার সুযোগ হয়নি আগে। নিমন্ত্রণ পেয়ে কৌতূহল থেকেই এখানে এসেছি। ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষাবিদ মনতোষ কুমার দে বলেন, বট-পাকুড়ের বিয়ে মূলত একটি প্রাচীন লোকাচার, যা পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষপ্রেমের প্রতীক। এ ধরণের আয়োজন মানুষকে প্রকৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1771674879.jpg)

