পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। লো-স্কোরিং ম্যাচে বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জয়ের লড়ায়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক ফাহিমা খাতুন ছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন টাইগ্রেস অধিনায়ক।
এছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম করেন ১২ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। পাকিস্তানের পক্ষে হাফসা খালিদ নেন ২টি উইকেট।
আরও পড়ুনজবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে পাক ব্যাটাররা। পাকিস্তানি ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন দলনেতা ফাহিমা খাতুন। আর হুরাইনা সাজিদকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ বল বাকী থাকতেই ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এছাড়া অধিনায়ক হাফসা ১২ ও ১১ রান করেন ইউসরা আমির। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে সানজিদা মেঘলা নেন সর্বোচ্চ ৩টি উইকেট।
মন্তব্য করুন

_medium_1771592121.jpg)







