ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ রাত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন। ছবি : দৈনিক করতোয়া

স্টফ রিপোর্টার : ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে’ বগুড়া এডওয়ার্ড পৌর পার্কে পা দিতেই অনুপম রায়ের রচিত লগ্নজিতার কণ্ঠে এই গান কানে পড়লো। একটু এগুতেই চোখে পড়লো ‘ফুল বাগানের’ জগিং সেন্টার চত্বর ঘিরে হলুদ, লাল, কমলা, সবুজসহ নানা রঙের শাড়ি, মাথায় ফুলের মুকুটসহ বর্ণাঢ্য সাজে শিশু ও কিশোরীরা নাচের প্রস্তুতি নিচ্ছে।

সামনে ফুল বাগানের দর্শক সারিতে বসা শত-শত নারী-পুরুষ। তাদেরও সাজ পোশাকে ছিলো নানা রঙের ছটা। রঙের বাহার দেখেই বোঝা গেলো আজ বসন্ত। আর এই বসন্তকে বরণ করতেই বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন আয়োজন করেছিল বসন্ত উৎসব ‘রঙ যেন মোর মর্মে লাগে’।

গাছে গাছে সবুজ কচি পাতা আর লাল-কমলা রাঙা পলাশ-শিমুলে ছাওয়া প্রকৃতি ফাল্গুনের আগমনী জানান দিয়েছে আগেই। দিনপঞ্জির হিসেবে শীতকে বিদায় জানিয়ে এসেছে বসন্ত। ‘সম্প্রীতির রঙ লাগুক সবার মনে’ এই স্লোগানে সংগঠনটি প্রতিবারের মত এবারও ফাল্গুনকে স্বাগত জানিয়ে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া এ্যাডওয়ার্ড পৌর পার্কের ফুল বাগানের উম্মুক্ত মঞ্চে আয়োজন করে বসন্ত উৎসবের। নাচ, গান, আবৃত্তিতে উৎসবের রঙ যেন দোলা দেয় উপস্থিত সবার মনে। ছিল অতিথিদের বসন্ত কথন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সম্মানিত অতিথি ছিলেন আমরা ক’ জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা সংগঠনের নৃত্য শিল্পীদের আবির মাখিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। নৃত্যানুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথিবৃন্দ বসন্ত কথন পর্বে আলোচনা করেন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উৎসব হলো বসন্ত উৎসব। বাঙালির জীবনে বসন্তের উপস্থিতি অনাদিকাল থেকেই। কবিতা, গান, নৃত্য ও চিত্রকলায় আছে বসন্তের বন্দনা, সাহিত্যের প্রাচীন নিদর্শনেও যেন বসন্ত ঠাঁই করে নিয়েছে, সবার মনকেও বারবার দুলিয়েছে, দোলাচ্ছে ঋতুরাজ বসন্ত। তবে এবার বসন্ত উৎসব এসেছে একটি ভিন্নমাত্রা নিয়ে।

কারণ দু’দিন আগেই হয়ে গেলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনি উৎসবে সবাই মেতে উঠেছিল। আর এবারের নির্বাচন ছিল সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই এটি আমাদের জাতীয় জীবন বিশেষ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, একটি দেশের সংস্কৃতি যত উন্নত হবে সে দেশের গণতন্ত্র ততই মজবুত হবে।

মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিল্পীরা বসন্তের গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন এবং সংগঠনিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। সংগঠনের  সভাপতি লায়ন আবদুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন

বগুড়ার আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারীর পাশে দাঁড়িয়েছে বিএনপি