‘প্রিয়জন’-এ গাইলেন লিজা
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা আধুনিক গান, সিনেমার গান গাওয়ার পাশাপাশি মাঝে মাঝে নাটকেও গান গেয়ে থাকেন। এর আগেও তিনি বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে গান গেয়েছেন।
আবারো তিনি নতুন একটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন গত শনিবার রাতে। নাটকের নাম ‘প্রিয়জন’। নাটকটি প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদর মির্জা। নাটকে যে গানটি গেয়েছেন লিজা সেই গানের শিরোনাম হচ্ছে ‘ভালোবাসা কেন যে এমন হয়’। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান। সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস।
গানটি প্রসঙ্গে লিজা বলেন,‘ গানটি খুউব মিষ্টি একটা প্রেমের গান। বিশেষত গানের সুরটা মন ছুঁয়ে যাবারই মতো। এর আগেও আমি বেলাল ভাইয়ের সুরে গান গেয়েছি, তারসঙ্গে দ্বৈত গানও গেয়েছি। এই গানটিও যথারীতি বেলাল ভাইয়েরই সুর করা গান এবং এই গানে আমার সহশিল্পীও তিনি। যে কারণে মনে হচ্ছে যে গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। কারণ এর আগে তারসঙ্গে গাওয়া পাখি গানটি শ্রোতা দর্শকের মাঝে ভীষণ সাড়া ফেলে। তাই প্রিয়জন-নাটকের ভালোবাসা কেন যে এমন হয়- নিয়ে আমার প্রত্যাশা একটু বেশিই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
এদিকে আগামী ভালোবাসা দিবসে বগুড়ার মম ইন-এ সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান লিজা। এর পরেরদিন দিনে গাজীপুরের মাওনাতে সঙ্গীত পরিবেশন করবেন।
আরও পড়ুনএদিকে গত ৩১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী আয়োজনে সঙ্গীত পরিবেশন করেছেন লিজা। এর আগে তিনি সারাহ রিসোর্ট’সহ আরো বেশ কিছু স্টেজ শোতে টানা সঙ্গীত পরিবেশন করেছেন। লিজার কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো দেশের গান ‘আমরা সবাই বাংলাদেশ’।
গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। এছাড়াও ‘নেই অধিকার’,‘ ভালোবাসা নিও’ গত বছরই তার কন্ঠে প্রকাশিত শ্রোতাপ্রিয় মৌলিক গান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1770557058.jpg)


