ভালোবাসা দিবসের গানে সজীব-লাবণ্য
অভি মঈনুদ্দীন ঃ আসছে ভালোবাসা দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। বিশেষ এই সঙ্গীতানুষ্ঠানের জন্যই অনেকগুলো গানের মধ্যে একটি গানে কন্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার তানভীর আলম সজীব ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা, উপস্থাপিকা, নৃত্যশিল্পী ইয়াসমিন লাবণ্য। প্রজন্মের নন্দিত গীতিকার অধরা জাহানের কথায় ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলম আরা মিনুর সুরে তানভীর আলম সজীব ও ইয়াসমিন লাবণ্য দ্বৈত গান গেয়েছেন। সজীব, জানালেন এটি তার ও লাবণ্যের প্রথম দ্বৈত গান। গানের কথা এমন, ‘মাঝি তোমার ডুব সাঁতারে জল হতে চাই’। এরইমধ্যে বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে তানভীর আলম সজীব বলেন,‘ অধরা জাহান দীর্ঘদিন ধরেই গান লিখছেন এবং জানতে পারলাম যে এই গানটি এক যুগ আগের লেখা একটি গান। গানের কথা ভালোলেগেছে। আর মিনু আপাকেতো একজন গায়িকা হিসেবেই এতোদিন দেখে আসছি। এখন একজন সুরকার হিসেবেও তিনি কাজ করছেন। সুরকার হিসেবেও তিনি ভালো কাজের নমুনা দেখাচ্ছেন। এই গানের সুরও আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আর লাবণ্যতো ভীষণ ভালো গায়। আমার সঙ্গে প্রথম দ্বৈত গানও ভালো গেছে। আশা করছি গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ ইয়াসমিন লাবণ্য বলেন,‘ শ্রদ্ধেয় মিনু আপার সুরে অধরা জাহানের কথায় ভালোবাসা দিবসের বিশেষ এই গানটি সবমিলিয়ে আমার খুউব ভালোলেগেছে। সজীব ভাই আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তারসঙ্গে প্রথম দ্বৈত গান গেয়েও ভালোলেগেছে। সবচেয়ে বেশি ভালোলেগেছে গানের কথা। কথার সাথে সুরের কী দারুণ সমন্বয়-মন ছুঁয়ে গেছে। আশা করছি গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’ আসছে ভালোবাসা দিবসে বিটিভিতে ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে তানভীর আলম সজীব ও ইয়াসমিন লাবণ্য’র কন্ঠে গাওয়া এই গান। তানভীর আলম সজীব বগুড়ার সন্তান। গান গাওয়া, গান লেখা ও সুর করার পাশাপাশি নন্দিত এই সঙ্গীতশিল্পী মাঝে মাঝে উপস্থাপনাও করেন। ভিন্ন ঘরানার শিল্পী হিসেবে সজীবের আলাদা শ্রোতাপ্রিয়তা রয়েছে যারা কেবল তার কন্ঠেই গান শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এদিকে ইয়াসিমন লাবণ্য মাছরাঙ্গা টিভি ও বাংলাদেশ বেতারে নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি গানেও তিনি এখন আগের চেয়ে আরো বেশি নিয়মিত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





