নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতের নারী শাখা। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন।
শেরপুর উপজেলা জামায়াতের নারী শাখার উদ্যোগে হামছায়াপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসট্যান্ড উপজেলা পরিষদের সামনে দিয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় হামছায়াপুর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শেরপুর উপজেলা জামায়াতের মহিলা নেত্রী সুলতানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াতের প্রার্থী আলহাজ দবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক, সহকারী সেক্রেটারি শাহিন আলম, শামীম ও মাসুদ রানা। নারী সমাবেশে আরও বক্তব্য দেন-মহিলা সভানেত্রী লুতফুন্নেছা, কর্মপরিষদ সদস্য মাহমুদা আক্তার ঝর্না, নিলুফা ইয়াসমিন ও জান্নাত আরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনি মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে জামায়াতের নারী কর্মীদের বাধা, হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। কোথাও কোথাও তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। নারী নেত্রীরা বলেন, এ ধরনের ভয়ভীতি দেখিয়ে জামায়াতের নারী কর্মীদের দমিয়ে রাখা যাবে না। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবেন। সমাবেশ থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বক্তারা বলেন, প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো অনাকাংখিত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে। এ সময় শৃঙ্খলা রক্ষায় জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের কয়েকশ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন





_medium_1770228497.jpg)


