অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের। ইনকিলাব স্লোগান দিয়ে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় জিএম কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
জাপার একাংশের চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। তারা বলছে আজাদি, আমি বলবো গোলামী। তারা একটি দেশের গোলামী করার জন্য এসব করছে।
তারা বলছে ইনসাফ, আমি বলবো চরম বেইনসাফি।
জিএম কাদের বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে।
ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে।
আরও পড়ুন
তিনি বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা।
বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।
জিএম কাদের বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে। প্রচার-প্রচারণায় অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে, গণনা ও ফলাফল হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো।