বগুড়ার মার্কেটগুলোতে শীতের কাপড়ের যোগান বৃদ্ধি, ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা
স্টাফ রিপোর্টার : দিনভর কড়া রোদ আর বিকেলের পর হিমেল হওয়া বইতে শুরু করেছে প্রকৃতিতে। রাতে আর পাতলা কাঁথা চলছে না । গায়ে দিতে হচ্ছে একটু মোটা কম্বল কিম্বা লেপ। আর তাই বাড়ি বাড়ি রোদ দিতে দেখা যাচ্ছে গত মৌসুমে তুলে রাখা গরমের সব কাপড়।
এদিকে এই শীত মৌসুমকে কেন্দ্র করে শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও শীতের কাপড়ের যোগান বাড়িয়েছেন বিক্রেতারা। কয়েকদিন হলো ফুটপাতেও শীতবস্ত্র নিয়ে বসছেন মৌসুমী বিক্রেতারা। কিন্তু শীতের কাপড়ের যোগান বাড়লেও সে হিসেবে এখনও ক্রেতারা ভিড়ছেন না এদিকে। তবে শীত বাড়লে ক্রেতা বাড়বে বলে আশা করছেন তারা।
দেশে আশ্বিন মাসের পর থেকেই শীতের আবহ তৈরি হয়। এরপর অগ্রহায়ণ মাসে এসে শীতের প্রকোপ বাড়তে থাকে। যদি গত কয়েক বছর হলো শীতের স্থায়ীত্ব কমে গেছে। এখন ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রকৃতিতে শীত থাকে। গত কয়েকদিন হলো ভোরে এবং সন্ধ্যার পর শিরশিরে বাতাস শীত ঋতুর উপস্থিতির জানান দিচ্ছে। তবু বগুড়ার বিভিন্ন শপিংমল, মার্কেট ও ফুটপাতে শীতবস্ত্র বেচাকেনা জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়ার নিউমার্কেট, রানার প্লাজা, হকার্স মার্কেটসহ অন্যান্য বিপনীবিতানগুলোতে দেখা যায়, বিভিন্ন রঙ-বেরঙের ছোট-বড় সোয়েটার, কোট, জ্যাকেটসহ নানারকম শীতবস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। দিনের অর্ধেক সময় পার হয়ে গেলেও কেউ কেউ দু’টি বা একটি শীতবস্ত্র বিক্রি করতে পেরেছেন।
মোবাইলে গেম খেলে অথবা একে-অন্যের সঙ্গে খোশগল্পে সময় পার করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বগুড়ার গরিবের ভরসা খ্যাত হকার্স মার্কেটে ক্রেতা সমাগম থাকলেও বিক্রির পরিমাণ কম। একই অবস্থা ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতেও।
আরও পড়ুনবগুড়ার নিউমার্কেটের উত্তরপাশের পুকুরপাড় মার্কেটে গত বৃহস্পতিবার ছেলে-মেয়ে এবং স্ত্রীর জন্য শীতের কাপড় কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী মুনসুর হোসেন। তিনি বলেন, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, শেষ হলে গ্রামের বাড়িতে পাঠাবো। যে কারণে তাদের শীতের কাপড় কিনে দেওয়ার জন্য মার্কেটে এসেছি। দাম বেশি। বাচ্চা দুটোকে শীতবস্ত্র কিনে দিলাম।
হকার্স মার্কেটের কাপড় বিক্রেতা শাফায়েত বলেন, হালকা শীত পড়েছে। গত বছরের মতো এবারও শীতে বেচাকেনা তেমন নেই। সব জিনিসপত্রের দাম বাড়ায় প্রয়োজন ছাড়া নতুন পোশাক কিনছেন না কেউ। আর যারা আসছেন তারা ঘুরে ঘুরে দামাদামি করে ফিরেও যাচ্ছেন। শীত না পড়লে বেচাকেনা জমবে না এবং ক্রেতারাও মার্কেটে আসছে না।
শহরের অভিজাত বিপনী বিতান রানা প্লাজার বিক্রয়কর্মী সামছুল আলম বলেন, শীতের পোশাক তোলার পর ক্রেতারা তা দেখে কিছু কাপড় কিনেছেন। বেশি শীত পাড়ার আগে মানুষ আর শীতের কাপড় খুব একটা কিনছেন না। তাছাড়া বর্তমানে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে থাকায় এমন পরিস্থিতিতে মানুষ পরিবার নিয়ে ভাল-মন্দ খাবে না শীত নিবারণের জন্য নতুন কাপড় কিনবে?’
মন্তব্য করুন








