চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা খাতুন (৪০) এবং মেয়ে লিমা খাতুন (১৭)। লিমা স্থানীয় মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে বাড়ি সংলগ্ন নিজেদের মুদি দোকানের সামনের ঝাঁপ খুলতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিলিয়ারা। ঘটনা টের পেয়ে মেয়ে লিমা মাকে বাঁচাতে এগিয়ে এলে সেও বিদ্যুতায়িত হয়।
আরও পড়ুনএসময় তার বাবা বকুল হোসেন দৌঁড়ে এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্ত্রী ও মেয়েকে উদ্ধার করেন। সকাল ৮টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মা ও মেয়ে দু’জনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বৃষ্টিতে টিনের দোকানটি পুরোটাই বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন








