স্বামীর ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপির স্ত্রীর
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব দাবি করেন তিনি।
মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।’
মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী ৫ আগস্ট ঢাকায় পুলিশ সদর দপ্তরে ছিলেন। তাকে ফেনীতে ছিলেন বলে যে অভিযোগ করা হচ্ছে, আপনারা তদন্ত করে দেখেন। আমার স্বামী নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়। তার মোবাইল হ্যাক হয়েছিল। মোবাইল দিয়ে যোগাযোগের যে অভিযোগ করা হচ্ছে, সেটিও আপনারা যাচাই করে দেখেন। মোবাইল হ্যাক হওয়ার পরদিন থানায় জিডি করা হয়েছিল। জিডির কপি আছে, তবে তারিখ মনে নেই।’
তিনি বলেন, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করেছেন এবং মেধাতালিকায় ১১তম হয়েছিলেন। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারও লবিংয়ে নয়।
আরও পড়ুনমাসুমা আক্তার বলেন, ‘তিনি কোনোদিন ছাত্রলীগ বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে ফাঁদে ফেলা হয়েছে। সব মিথ্যা অভিযোগ।’
জাহাঙ্গীর আলমের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন তার স্ত্রী। তিনি বলেন, ‘আপনারা তার চাকরির ফাইল ও বায়োডাটা দেখবেন। তার বাবা একজন গরিব কৃষক ছিলেন। কৃষকের ছেলে আমার স্বামী নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছেন। তার বাবা ১২-১৩ বছর আগে মারা গেছেন। বাবার নির্দেশে রাজনীতি করার যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা।’
স্বামীকে নির্দোষ দাবি করে মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী আদালতে বলেছেন, তিনি নির্দোষ। তিনি কোনো দোষ করেননি। আপনারা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুন।’
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের পর জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশ তার বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794749183.jpg)


_medium_1794747227.jpg)




