মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, আ. লীগ-ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার
মফস্বল ডেস্ক : মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ এবং জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সহিংসতার দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এছাড়া ৮ জনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর থানায় সাবেক ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), ছাত্রলীগ কর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫) ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪)। সিংগাইর থানায় চান্দহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহম্মেদ (২৯)। হরিরামপুর থানায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ রিফাত (২১)।
এছাড়াও অন্য থানাগুলোর মধ্যে গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় থানায় আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ( ৩৫), আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫)। ঘিওর থানায় ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মন্ডল (৪৫), পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর থানায় দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন (২৬)।
পুলিশ জানায়, সোমবার রাতভর ককটেল বিস্ফোরণ, পার্কিং করা বাসে আগুনসহ, বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা করার দায়ে জেলার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর যাচাই-বাছাই শেষে ১১ জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও নাশকতামূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া তাদের গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে বাকি ৮ জনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং একাধিক মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মানিকগঞ্জ সদর থানা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্স এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়।
আরও পড়ুনএদিকে একই রাতে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে সড়কের ওপর টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, গতকালকে যে নাশকতা ওরা করেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণ করেছে, পরে রাত সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ডে মিনিবাসে অগ্নিসংযোগ করেছে। এটা তো ওদের পূর্বঘোষিত ছিল, ওরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এইগুলো বলেছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হয়েছিল। যাদের সংশ্লিষ্টতা পাইনি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, আগেও কিছু মামলা আছে ওদের বিরুদ্ধে আছে। সে সকল মামলাতেও তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে আর গতকালকের ঘটনায়ও আবার বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে অপর একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






