ইউজিসির কথা রাখলো না ঢাবি : নির্ধারিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা
ঢাবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী পেছাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ নভেম্বর থেকেই শুরু হচ্ছে ঢাবির অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া। তবে এই ভর্তি পরীক্ষায় এইচএসসির এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে, যারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন, তারা আবেদনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাবির সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে এদিন সকালে ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু এবং ১ ফেব্রুয়ারির পর পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্তের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাবির কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সূচিতে আবেদন ও পরীক্ষা চলবে। ১১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।’
একই কথা জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা পেছাবে না, এটা নিশ্চিত। কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িত। সব বিষয় চূড়ান্ত করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’ ঢাবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।
আরও পড়ুনআগামী ৫ ডিসেম্বর ‘আইবিএ ইউনিট’-এর মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। সোমবার বিকেলে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভার বিষয়ে কলা অনুষদের ডিন বলেন, ‘ভর্তি কমিটির সভায় সবকিছু ঠিকঠাক রাখা হয়েছে। সবই প্রায় অপরিবর্তিত থাকছে। ভর্তি পরীক্ষা আগের শিডিউলেই হবে।’ এইচএসসির ফল পুনঃনিরীক্ষা এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের এক বা দুই বিষয়ে সাপ্লিমেন্টারি আছে, তারা ঢাবিতে আবেদনের সুযোগ পাবে না। তবে যারা নিরীক্ষার (পুনঃনিরীক্ষা) জন্য আবেদন করেছে, তারা আবেদনের সুযোগ পাবে।’
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পুনঃনিরীক্ষার ফল দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আবেদনের নির্ধারিত সময়সীমার মধ্যেই পুনঃনিরীক্ষার ফল প্রকাশ হবে বলে তারা আশাবাদী। তবে এরপরও কোনো কারণে যদি ফল প্রকাশে এক বা দুই দিন দেরি হয়, তবে তা তাৎক্ষণিক বিবেচনায় নেওয়ার জন্য সেন্ট্রাল ভর্তি কমিটি সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্ষমতা প্রদান করেছে।
মন্তব্য করুন


_medium_1794216809.jpg)
_medium_1794206120.jpg)

_medium_1794130389.jpg)
_medium_1794118598.jpg)

_medium_1794230461.jpg)