নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন বাহরাইন প্রবাসী আমিন
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা আর গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাহরাইন প্রবাসী মো. আমিন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার জানিয়েও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া প্রায় দেড় কিলোমিটার কাঁচারাস্তা নিজ অর্থায়নে শ্রমিক দিয়ে মেরামত করে চলাচলের উপযোগী করে দিয়েছেন তিনি। তার এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে কয়েকটি গ্রামের মানুষের মাঝে।
জানা গেছে, বাগজানার পার্শ্ববর্তী মাঝিনা মোড় থেকে আংড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচারাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে তৈরি হতো অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। ফলে বর্ষা মৌসুমে চলাচল করতে গিয়ে চরমদুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের।
বিশেষ করে কৃষকদের মাঠের আমন ধান বাড়িতে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত হয়ে উঠেছিল কষ্টসাধ্য। রাস্তাটি মকন্দপুর, আংড়া ও রামপুরা গ্রামের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভোগান্তিতে থাকা এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো কার্যকর সমাধান পাননি। একপর্যায়ে তারা আংড়া গ্রামের সন্তান ও বাহরাইন প্রবাসী আমিনের কাছে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
গ্রামবাসীর কষ্টের কথা শুনে আর অপেক্ষা করেননি আমিন। নিজের উপার্জিত অর্থ ব্যয়ে ২৫ থেকে ৩০ জন শ্রমিক নিয়ে নিজেই উপস্থিত থেকে মাটি কেটে ও রাস্তা সংস্কারের কাজ করান। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পান তিন গ্রামের মানুষ।
আরও পড়ুননিজ উদ্যোগে রাস্তা সংস্কারের বিষয়ে বাহরাইন প্রবাসী মো. আমিন বলেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করি। দীর্ঘদিন প্রবাসে থাকলেও মনটা সবসময় এলাকার মানুষের কাছেই পড়ে থাকে।
প্রবাসে থেকে যা উপার্জন করি, তা দিয়ে চেষ্টা করি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। রাস্তাটি গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্টের কারণ ছিল। আমার সামান্য প্রচেষ্টায় যদি মানুষের একটু উপকার হয়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ভালো যেকোনো কাজে পাশে থাকব, ইনশাআল্লাহ।
মন্তব্য করুন








_medium_1793458955.jpg)