বগুড়ার মোকামতলায় প্রশাসনের অভিযান সত্বেও করতোয়া নদীতে ফের অবৈধভাবে বালু উত্তোলন
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : প্রশাসনের পক্ষ থেকে দুইবার অভিযানের পরেও, বগুড়ার মোকামতলায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু তুলছেন বালু ব্যবসায়ী। বালু তোলার ফলে নদীর তীর সংলগ্ন ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে এবং বালু বহনের ট্রাকের চাকায় গ্রামীণ কাঁচা রাস্তা নষ্ট হচ্ছে। গ্রামবাসীরা বাধা দিলেও বন্ধ করছেন না বালুতোলা প্রভাবশালী ওই ব্যক্তি।
সরেজমিনে দেখা যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর চুনাতাপাড়া গ্রামের করতোয়া নদী থেকে শ্যালো মেশিন দ্বারা বালুতোলা হচ্ছে। উপস্থিত গ্রামবাসীর অভিযোগ করেন পাশের শ্যামপুর গ্রামের জনৈক প্রভাবশালী ব্যক্তি এই স্থানে গত এক মাস থেকে বালু তুলছেন।
গত ১৫ দিন পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এখানে অভিযান চালান এবং বালু তোলার শ্যালো মেশিন সহ যন্ত্রপাতি ধ্বংস করেন। কিন্তু তার দুইদিন পর থেকেই দিনের পরিবর্তে রাতে বালু তোলা অব্যাহত চলছে।
আরও পড়ুনগ্রামবাসীরা আরো জানান এই স্থান থেকে আধা কিলো দূরে তালিপুর গ্রাম। ওই গ্রামের পাশে করতোয়া নদীতে বালু ব্যবসায়ী একইভাবে তিন মাস ধরে বালু উত্তোলন করতে থাকেন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করেন। তার এক মাস পর থেকে এই স্থানে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন তিনি।
নদী থেকে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন গ্রামবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান অভিযান চালিয়ে নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে এবং বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।
মন্তব্য করুন








