এমবাপের জোড়া গোলে বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোয় রিয়ালের জয়
স্পোর্টস ডেস্ক : লা লিগার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়-পরাজয়ের ব্যবধানে এগিয়ে গেল মাদ্রিদের ক্লাবটি। সংস্কার শেষে ২০২৪ সালের নভেম্বরে ন্যু ক্যাম্পে ফেরার পর এই প্রথম ঘরের মাঠে হারল কাতালান জায়ান্টরা।
রিয়ালের কাছে হারের আগে ন্যু ক্যাম্পে টানা ১৮টি লিগ ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা। তবে এবার সেই জয়রথ থামিয়ে দিল হেনসি ফ্লিকের শিষ্যদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রিয়াল। বিরতির চার মিনিট আগে কিলিয়ান এমবাপের গোলটি ছিল কিছুটা সৌভাগ্যনির্ভর। রিয়ালের ইয়াও দিওমান্দের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল এমবাপের গায়ে লেগে দিক পরিবর্তন করে। এরপর গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে জালে জড়ায় বল।
দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। পেদ্রির বাড়ানো বল পেয়ে অধিনায়ক রাফিনিয়া জুড বেলিংহ্যামের পায়ের ফাঁক দিয়ে শট নেন। তাঁর নিখুঁত শট দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করলে ম্যাচে ফেরে উত্তেজনা।
ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন আবারও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠ থেকে বেলিংহ্যামের দারুণ দক্ষতায় শুরু হওয়া আক্রমণে বল নিয়ে সামনে এগিয়ে যান বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা। এরপর এমবাপের উদ্দেশে বল বাড়িয়ে দেন তিনি। ফরাসি তারকা সেই সুযোগ কাজে লাগিয়ে খালি জালে বল পাঠান। তাতেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় রিয়ালের।
আরও পড়ুনএ ম্যাচে বার্সেলোনার সামনে ছিল লা লিগার মৌসুমের শুরুতে টানা জয়ের নতুন রেকর্ড গড়ার সুযোগ। জয় পেলে টানা ১০ ম্যাচ জিতে নতুন কীর্তি গড়ত ফ্লিকের দল। ১৯৬৮-৬৯ মৌসুমে লিগের প্রথম নয় ম্যাচেই জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই রেকর্ড স্পর্শ করলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতে পারল না বার্সেলোনা।
এল ক্লাসিকোয় এই জয়ের ফলে দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবেও এগিয়ে গেল রিয়াল। ম্যাচের আগে দুই দল ২৬৪ বার মুখোমুখি হয়ে ১০৬টি করে জয় পেয়েছিল; ড্র হয়েছিল ৫২টি ম্যাচ। ২৬৫তম লড়াইয়ে জিতে ১০৭টি জয় নিয়ে এককভাবে এগিয়ে গেল রিয়াল। অন্যদিকে বার্সেলোনার জয়সংখ্যা ১০৬-এ অপরিবর্তিত থাকল।
গোলের হিসাবেও এগিয়ে রয়েছে মাদ্রিদের ক্লাবটি। এই ম্যাচের পর এল ক্লাসিকোয় রিয়ালের গোলসংখ্যা ৪৪৬, আর বার্সেলোনার ৪৪২। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার গোল এগিয়ে রইল রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন

_medium_1792990915.jpg)

_medium_1792933747.jpg)
_medium_1792925462.jpg)
_medium_1792920595.jpg)
_original_1791975392_medium_1792918108.jpg)
