ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১০:৩২ পিএম

বগুড়ার দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য অপরাধী চক্র : এবার পুলিশ কর্মকর্তার ওপর হামলা

বগুড়ার দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য অপরাধী চক্র : এবার পুলিশ কর্মকর্তার ওপর হামলা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে অপরাধীচক্র। দিন দিন অপরাধীদের দৌরাত্ম বেড়েই চলেছে। চুরি, ছিনতাই,পকেটমার প্রতারণা ও চাঁদাবাজিসহ এমন কোন অপরাধ নেই যা দত্তবাড়ি এলাকায় হয়না। সেখানে প্রায় প্রতিদিনই অপরাধীদের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের অপকর্মে বাধা দিলেই নেমে আসে মহাবিপদ।

তাদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন বিভিন্নজন। এমনকি পুলিশ ও আইনজীবীর উপরও হামলা করতে দ্বিধা করছে না তারা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে আইনজীবীকে কোপানোর পর এবার হামলার শিকার হয়েছেন সদর থানার  পুৃলিশ কর্মকর্তা মো.উজ্জল। তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে পকেটমার-ছিনতাইকারী চক্র। পুলিশ অবশ্য সর্বশেষ এই হামলার ঘটনায় ২৮ মামলার আসামি পকেটমার রতন বেপারীকে গ্রেফতার করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরের পর যানজট নিরসন ও সড়কে পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিতে ও পকেটমারসহ অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় দত্তবাড়ি এলাকায় মাটিডালিমুখি সড়কে শতাব্দী ফিলিং স্টেশনের পাশ থেকে পকেটমার রতন ব্যাপারী (৫০)কে ধরে ফেলেন অভিযানে থাকা বগুড়া সদর থানার এএসআই উজ্জ্বল।

এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে পকেটমার রতন ব্যাপারী ও তার সহযোগীরা পুলিশ কর্মকর্তা উজ্জ্বলকে বেদম মারপিট করে। এতে তিনি গুরতর আহত হন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম আলী জানান, শারদীয় দূর্গাৎসবে যান চলাচল ও নির্বিঘ্নে পথচারীদের চলাফেরা নিশ্চিতে দত্তবাড়ী সড়কে বিশেষ অভিযান চলছিল। এছাড়া ওই এলাকায় পকেটমার,ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেও অভিযানে নামে পুলিশ।

এসময় দায়িত্বরত এএস আই উজ্জ্বল একব্যক্তির কাছ থেকে পকেটমারার সময় রতনকে হাতে নাতে ধরে ফেলেন।  কিন্তু রতনের সাথে থাকা পূরুষ ও নারী সহযোগীরা পুলিশ কর্মকর্তা উজ্জ্বলের ওপর হামলা চালায়। এসময় তারা  তাকে বেদম মারপিট করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সেইসাথে আসামি রতনকে গ্রেফতার করে থানায় আনে।

আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতার থেকে প্রাথমিক চিকিৎসা নেন। ওসি আরো বলেন, ধৃত রতন ব্যাপারীর নামে আগের অস্ত্র, ছিনতাই,পকেটমারাসহ ২৮টি মামলা এবং ৩টি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, স্থানীয়রা জানান,প্রায় প্রতিদিনই দত্তবাড়ি এলাকায় ছিনতাই ও পকেটমারিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না আইনজীবী ও পুলিশও। এর  আগে দত্তবাড়িতে ছিনতাইয়ে বাধা দেয়ায় অপরাধীরা এড.মাহবুব হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দত্তবাড়ী শতাব্দী ফিলিং স্টেশনের কাছে তার উপর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই দিন আদালতের কার্যক্রম শেষ করে এড. মাহবুব হাসান রিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন । পথিমধ্যে শতাব্দী পাম্পের বিপরীতে পৌঁছুলে পকেটমার ও ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় একদল ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন এড. মাহবুব সাহসিকতার সাথে এক ছিনতাইকারীকে  ধরে ফেলেন, তবে অন্যরা পালিয়ে যায়।

এরপর আটক ছিনতাইকারীকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই উত্তর চেলোপাড়ার দত্তবাড়ি ব্রিজের দিক থেকে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীসহ ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এসে এড. মাহবুবের ওপর অতর্কিত হামলা চালায়। তারা রামদা ও চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ওই হাসপাতালে ভর্তি করে দেন। আহত মাহবুব হাসান (৩২) বগুড়া জজ কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী এবং সদরের দশটিকা উত্তরপাড়া এলাকার মৃত আহমদ আলী মন্ডলের ছেলে। স্থানীয়রা আরো জানিয়েছেন, এর আগে দত্তবাড়ি এলাকায় ছিনতাইকারী ও পকেটমারদের কবল থেকে রক্ষা পেতে দত্তবাড়ি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় সতর্কীকরণ পোস্টার দেয়ালে সাটা হয়।

বগুড়া জেলা সিএনজি ও অটোরিকশা মালিক সমিতি, দত্তবাড়ি বণিক সমিতি ও আনু মেমোরিয়াল ক্লাব বগুড়ার উদ্যোগে দেয়ালে সাটানো সতর্কীকরণ পোস্টারে বলা হয় দত্তবাড়ি এলাকার সকল ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, অত্র এলাকায় পকেটমার ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় আপনাদের টাকা,মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ হেফাজতে রাখুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য অপরাধী চক্র : এবার পুলিশ কর্মকর্তার ওপর হামলা

১

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড, বিক্রেতার বিরুদ্ধে মামলা

২

ঠাকুরগাঁওয়ে ১৫ বস্তা সার জব্দ, জরিমানা

৩

বাবার জানাজায় অংশ নিতে সাবেক ছাত্রদল নেতা প্যারোলে মুক্তি

৪

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

৫

বগুড়ার সেউজগাড়ীতে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

৬