বগুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার : মহানগরের পুরান বগুড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এস.আই বাবলুর রশিদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে ওই নারী সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এসময় তিনমাথা দিক থেকে আসা ট্রেনের হুইসেল শোনার পরও তিনি রেললাইন থেকে সরে না গিয়ে লাইনের ওপর বসে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শান্তাহার থেকে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশনে পৌছানোর আগেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী আসলে আত্মহত্যা করেছেন। তিনি হাঁটার এক পর্যায়ে রেল লাইনের উপর বসে পড়ে ট্রেনের অপেক্ষায় ছিলেন। পরে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। তারা দূরে ছিলেন। তাই তাকে রক্ষা করতে পারেননি।
আরও পড়ুনস্টেশন ফাঁড়ির ইনচার্জ আরো জানান, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টা পর্যন্ত তার মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে।
মরদেহটি উদ্ধার করে বগুড়া রেলওয়ে স্টেশনের ফাঁড়িতে আনা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)কে খবর দেওয়া হয়েছে তারা অধিকতর তদন্ত করবেন। তার আনুমানিক বয়স ৫০-৬০ বছর হতে পারে।
মন্তব্য করুন







