নাটোরে অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। অল্প সময়ে টাকা দ্বিগুণ থেকে ১০ গুণ করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষকে জুয়ায় জড়ানোর অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এসব জুয়ার ফাঁদে পড়ে অনেকে সর্বস্ব হারাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে আর্থিক সংকট, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিয়াশ, কুমগ্রাম, সিংড়া বাজার, বাঁশবাড়িয়া, বামিহাল বাজার, রাতাল, ডাহিয়া, দুর্গাপুর বাজার, শেরকোল বাজার ও জামতলীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম চলছে। স্থানীয়দের দাবি, উপজেলার প্রায় ২০টি পয়েন্টে এ ধরণের কারবার পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমে এজেন্ট ও সাব-এজেন্ট নিয়োগের মাধ্যমে নতুন নতুন মানুষকে জুয়ার সাথে যুক্ত করা হচ্ছে।
এছাড়াও, অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে অল্প টাকা বিনিয়োগ করে কয়েকগুণ লাভের প্রলোভন দেখানো হয়। শুরুতে কোনো কোনো ব্যবহারকারীকে লাভের টাকা দেওয়া হয়, যাতে তারা আরও বেশি অর্থ বিনিয়োগে উৎসাহিত হন। পরবর্তী সময়ে বড় অঙ্কের টাকা হারিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়েন।
আরও পড়ুনসচেতন মহলের মতে, অনলাইন জুয়ার বিস্তার রোধে শুধু জুয়ার ওয়েবসাইট বন্ধ করাই যথেষ্ট নয়। এর সাথে জড়িত স্থানীয় এজেন্ট ও সাব-এজেন্টদের শনাক্ত করা, সন্দেহজনক আর্থিক লেনদেন খতিয়ে দেখা এবং অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান করা প্রয়োজন। একই সঙ্গে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানো, অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রমের বিষয়ে খোঁজ রাখা জরুরি।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, অনলাইন জুয়া বিষয়ে তৎপর রয়েছি। নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। কেউ তথ্য দিলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।
মন্তব্য করুন







