ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
সংখ্যালঘু নয়, সকল ধর্মের মানুষের পরিচয় বাংলাদেশি : দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: কোন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে নয়, হিন্দু ভাই-বোনেরাসহ অন্যান্য সকল জাতি ধর্মের মানুষেরা এ সমাজে কেবল একটাই পরিচয় নিয়ে বসবাস করবেন, তা হলো আমরা সবাই বাংলাদেশি। নাগরিক হিসাবে এটাই আমাদের একমাত্র পরিচয়।
যারা হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যা দিয়ে হিসাব করে, তারা কেবল এটাকে ফায়দা নেয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। বিশেষ করে নির্বাচনের সময়। গত রোববার বিকেলে ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকায় রুহিয়া উপজেলার, রুহিয়া ইউনিয়নের সেনপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত যারা নিজেদের হিন্দুদের পক্ষের লোক দাবি করে, হিন্দুদের ভোট নিয়ে এমপি হয়েছে তারাই হিন্দুদের সংখ্যালঘু বানিয়ে রেখেছে। আমি এমপি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের আর সংখ্যালঘু হিসেবে থাকা লাগবে না। ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষ বাংলাদেশের একজন গর্বিত ও সম্মানিত নাগরিক হিসেবে জীবনযাপন করবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সমানভাবে প্রাপ্য হবে।
আরও পড়ুনদেলাওয়ার হোসেন আরও বলেন, জামায়াতে ইসলামী এদেশের কোনো নাগরিককে সংখ্যালঘু হিসেবে দেখতে চায় না। জামায়াতে ইসলামী দলমত, ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে প্রতিটি মানুষের নাগরিক হিসেবে সমান অধিকার নিশ্চিত করতে চায়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির(জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। রুহিয়া উপজেলা আমির আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সেক্রেটারি আলহাজ বজলুর রহমান। এসময় স্থানীয় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন









